সিপিএমের রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটের একেবারে কাছে এবার চণ্ডীপাঠের আসর। মঞ্চ তৈরি করে মাইক বাজিয়ে চণ্ডীপাঠের আয়োজন করেছে রিপাবলিক পার্টি অব ইন্ডিয়া। উদ্যোক্তাদের দাবি, সিপিএম নেতা-কর্মীদের শুভবুদ্ধির উদয় এবং তাঁদের পাপমুক্তির কামনাতেই এই উদ্যোগ। তাঁদের বক্তব্য, চণ্ডীপাঠের মন্ত্র কানে পৌঁছলে বোধোদয় হতে পারে বাম নেতাদের।
আলিমুদ্দিন স্ট্রিটের একদিকে সিপিএমের সদর দফতর, অন্যদিকে রাস্তার পাশে তৈরি হয়েছে চণ্ডীপাঠের মঞ্চ। সেখানে মাইকে চণ্ডীপাঠ চলতে থাকে। উদ্যোক্তাদের এক সদস্যের দাবি, মানুষ অনেক সময় নিজের ভুল বুঝতে পারেন না। তাই শ্রীশ্রী চণ্ডীর মহামন্ত্র তাঁদের কানের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।
এই উদ্যোগ নিয়ে অবশ্য বিশেষ আমল দিতে নারাজ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য, যাঁদের চণ্ডীপাঠ করার ইচ্ছা হয়েছে, তাঁরা তা করছেন। এতে তাঁদের কিছু যায় আসে না। বরং চণ্ডীপাঠ প্রতিদিন করাই ভালো বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, সিপিএম নেতা কলতান দাশগুপ্ত বলেন, ধর্মাচরণ করার অধিকার সকলেরই রয়েছে। তবে আলিমুদ্দিন স্ট্রিটের কাছে এই আয়োজন কেন, তা তাঁর জানা নেই। তাঁর বক্তব্য, ধর্মবিদ্বেষী মানুষ ছাড়া সকলেরই সিপিএমের দফতরে স্বাগত। রাজনৈতিক সদর দফতরের দোরগোড়ায় এই চণ্ডীপাঠ ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







