মহালয়ার ভোরে চণ্ডীপাঠে যখন বাঙালির মনে বেজে ওঠে দেবীর আগমনী সুর, ঠিক তখনই বার্নপুরের ধেনুয়া গ্রামে শুরু হয় এক অভিনব দুর্গাপুজো। এখানে পাঁচ দিন নয়, মাত্র একদিনেই পুজো শুরু এবং শেষ! নদীর তীরে অবস্থিত কালীকৃষ্ণ আশ্রমে মহালয়ার ভোরে মণ্ডপে আবাহন করা হয় দেবী দুর্গাকে। আর সন্ধ্যার আগেই সম্পন্ন হয় ঘট বিসর্জন। স্থানীয়দের কাছে এই পুজো পরিচিত ‘আগমনী দুর্গা’ নামে।
এই পুজোর বিশেষত্ব আরও রয়েছে। একই দিনে সম্পন্ন হয় সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো। পুরোহিতের কথায়, শাস্ত্র মেনে চার বেলায় দেবীকে চার রকমের ভোগ নিবেদন করা হয়। দশমীর পুজো শেষে বিসর্জন দেওয়া হয় ঘটের, তবে প্রতিমা রেখে দেওয়া হয় মন্দিরেই। দেবী এখানে সিংহবাহিনী হলেও অসুরদলনকারী রূপে নন, তাঁর সঙ্গে থাকেন জয়া ও বিজয়া।
আশ্রম প্রতিষ্ঠিত হয় ১৯৩৭ সালে। উদ্যোক্তাদের দাবি, ১৯৭৮ সাল থেকে সেখানে শুরু হয় এই একদিনের দুর্গাপুজো। মহালয়ার দিনই পুজো শেষ হয়ে যাওয়ায় ভক্তদের মনে যেমন বিষাদের সুর, তেমনই এই ব্যতিক্রমী ঐতিহ্য দেখতে ভিড় জমান বহু মানুষ। দেবীপক্ষের সূচনাতেই একদিনের পুজোর মাধ্যমে ধেনুয়া গ্রাম তুলে ধরে বাংলার শারদীয় উৎসবের এক অনন্য রূপ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







