best news portal development company in india

‘বিকাশবাবু আইনের ঊর্ধ্বে নন’, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

SHARE:

সিপিএম নেতা তথা প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বাড়িতে হামলার জন্য সমাজমাধ্যমে ‘হিন্দুত্ববাদী গুন্ডা’দের দায়ী করেছিলেন বিকাশরঞ্জন। তাঁর সেই মন্তব্যের বিরোধিতা করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বিকাশবাবুর বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার নবান্ন থেকে শুভেন্দু অধিকারী জানান, বিকাশরঞ্জন ভট্টাচার্যকে তাঁর সমাজমাধ্যমের পোস্ট সংশোধন করার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। তা না হলে সংশ্লিষ্ট পোস্ট সরিয়ে দেওয়ার জন্য সমাজমাধ্যম কর্তৃপক্ষকে কলকাতা পুলিশের তরফে চিঠি দেওয়া হতে পারে বলেও জানান তিনি। শুভেন্দুর স্পষ্ট বক্তব্য, “বিকাশবাবু আইনের ঊর্ধ্বে নন।”

বিতর্কের সূত্রপাত বৃহস্পতিবার ভোরে। অভিযোগ, মুখ ঢাকা এক ব্যক্তি বাইকে করে এসে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি লক্ষ্য করে কাচের বোতল ছোড়েন। ঘটনায় বাড়ির জানলার কাচ ভেঙে যায় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এই ঘটনায় বাপ্পা গুছাইত নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে হামলার নেপথ্যে কারা, তা তদন্তের বিষয়।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিকাশরঞ্জনের সঙ্গে ফোনে কথা বলার পাশাপাশি তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে, নিজের মন্তব্য প্রত্যাহার করবেন কি না, তা নিয়ে বিকাশরঞ্জনের অবস্থান ঘিরেও জল্পনা তৈরি হয়েছে। হামলার তদন্তের পাশাপাশি সমাজমাধ্যমের পোস্ট নিয়ে আইনি পদক্ষেপ—দুই বিষয়েই এখন নজর রাজনৈতিক মহলের।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *