সালানপুরে অবৈধ মদের ব্যবসার বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল পুলিশ। পৃথক তিনটি অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে মোট ৬০ বোতল দেশি মদ, বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে দেন্দুয়া-কল্যাণেশ্বরী সড়কের দুটি খাবারের দোকানে অভিযান চালানো হয়। ‘সাইনি হোটেল’ থেকে মালিক সঞ্জীব সূত্রধর এবং ‘প্রিয়া হোটেল’ থেকে কর্মী দিলীপ মণ্ডলকে গ্রেফতার করা হয়। দুটি দোকান থেকেই লাইসেন্সবিহীন মদ উদ্ধারের অভিযোগ উঠেছে।
অন্যদিকে, একই দিনে রামডি মোড় এলাকায় অবৈধভাবে মদ নিয়ে যাওয়ার অভিযোগে মলয় মণ্ডল নামে আরও এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
পুলিশের হিসাব অনুযায়ী, তিনটি অভিযান মিলিয়ে ৩০ বোতল দেশি মদ, ২০ বোতল বিয়ার এবং ১০ বোতল বিদেশি হুইস্কি বাজেয়াপ্ত করা হয়েছে। এলাকায় অবৈধ মদের বিক্রি ও পাচার বন্ধ করতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







