প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গুজরাটের ভাদনগরে আয়োজিত অনুষ্ঠানে বড় রাজনৈতিক বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিকে জেতানোর লক্ষ্যে কাজ করার ঘোষণা করলেন তিনি।
ভাদনগরের মঞ্চ থেকে শুভেন্দু বলেন, “আগামী লোকসভা নির্বাচনে মোদিজির নেতৃত্বে বাংলার সব আসন তাঁকে উপহার দেওয়ার কাজ আমরা করব।” মোদির নেতৃত্বে বাংলার উন্নয়ন হচ্ছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সুবিধার কথাও তুলে ধরেন শুভেন্দু।
এই ৪২-এ ৪২-এর লক্ষ্য বিজেপির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি ১২টি আসনে জয় পেয়েছিল। তৃণমূল পেয়েছিল ২৯টি এবং কংগ্রেস পেয়েছিল ১টি আসন। ২০১৯ সালে বিজেপির আসনসংখ্যা ছিল ১৮। ফলে আগামী লোকসভা নির্বাচনে ১২ থেকে ৪২-এ পৌঁছনোর লক্ষ্য সামনে রেখে বাংলায় সংগঠন শক্তিশালী করার বার্তা দিলেন শুভেন্দু।
প্রসঙ্গত, ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির প্রশাসনিক জীবনের সূচনা। এরপর ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি। ২৫ বছর প্রশাসনিক জীবনের পূর্তি উপলক্ষে বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’ ও ‘সেবা সংকল্প যাত্রা’-র মাধ্যমে দেশজুড়ে একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







