আরজি কর-কাণ্ডের পর ফের আলোচনায় চিকিৎসক অভীক দে। এসএসকেএমের সার্জারি বিভাগে স্নাতকোত্তর পড়ায় তাঁর সার্ভিস কোটা নিয়ে তদন্তের পর মঙ্গলবার স্বাস্থ্য দফতর তাঁর সেই কোটা বাতিলের সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। দ্বিতীয় দফার তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
অভীকের সার্ভিস কোটা নিয়ে আগে থেকেই প্রশ্ন উঠেছিল। স্বাস্থ্য দফতরের দ্বিতীয় তদন্ত কমিটির রিপোর্ট গত ২ সেপ্টেম্বর জমা পড়ে। চার সদস্যের ওই কমিটির নেতৃত্বে ছিলেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান। তদন্তে তাঁর সার্ভিস কোটায় ভর্তির যোগ্যতা ও সংশ্লিষ্ট নথি খতিয়ে দেখা হয়।
অভিযোগ ছিল, গ্রামীণ এলাকায় কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে সার্ভিস কোটায় ভর্তির সুযোগ পেয়েছিলেন অভীক। তদন্তে তাঁর বর্ধমানের অনাময় হাসপাতালে কাজের নথি নিয়েও প্রশ্ন ওঠে। তদন্ত কমিটি ওই কোটায় ভর্তির ক্ষেত্রে অনিয়মের কথা উল্লেখ করে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
আরজি কর আন্দোলনের সময় সরকারি মেডিক্যাল কলেজগুলিতে ‘থ্রেট কালচার’-এর অভিযোগে অভীক দে-র নাম সামনে এসেছিল। তবে সেই অভিযোগগুলি পৃথক বিষয় এবং তাঁর বিরুদ্ধে বর্তমান পদক্ষেপটি মূলত সার্ভিস কোটা সংক্রান্ত তদন্তের ফল। এবার এই সিদ্ধান্তের পর আরজি কর মামলার বৃহত্তর তদন্তে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







