আসন্ন দুর্গাপুজো শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আসানসোলের রবীন্দ্র ভবনে পুজো কমিটিগুলির প্রতিনিধিদের নিয়ে সমন্বয় বৈঠক করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বৈঠকে পুজো কমিটিগুলিকে সরকারি নিয়ম ও নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা মেনে পুজোর আয়োজনের বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা, জনপ্রতিনিধি, দমকল ও পুরনিগমের আধিকারিকরা।
জেলাশাসক এস. পন্নাবালাম জানান, ‘সেফ পুজো’-র জন্য প্রয়োজনীয় নিয়ম ও প্রোটোকল সম্পর্কে পুজো কমিটিগুলিকে বিস্তারিত জানানো হয়েছে। পুলিশ, পুরনিগম, CMOH, দমকল এবং WBSEDCL-এর পক্ষ থেকেও নিরাপত্তা ও পরিষেবা সংক্রান্ত প্রস্তুতির কথা তুলে ধরা হয়। মণ্ডপে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ডাস্টবিন, স্বেচ্ছাসেবক মোতায়েন এবং যান চলাচল স্বাভাবিক রাখার উপর জোর দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজোয় DJ সাউন্ড সিস্টেম ব্যবহারের অনুমতি থাকবে না। পাশাপাশি এ বছর কার্নিভালের আয়োজনও করা হবে না। বিসর্জনের ক্ষেত্রেও নির্ধারিত সময়সূচি ও সরকারি নিয়ম মেনে চলতে হবে। একসঙ্গে বেশি প্রতিমা বিসর্জন হয় এমন ঘাটগুলিতে প্রয়োজন অনুযায়ী ট্রলির মতো বিকল্প ব্যবস্থা ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিসর্জনের পর দ্রুত ঘাট ও জলাশয় পরিষ্কারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে চেন ছিনতাই রুখতে নজরদারি, প্যান্ডেলের সামনে যানজট নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানান, পুজো কমিটিগুলিকে আইন মেনে উৎসব আয়োজন করতে হবে এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে। বিসর্জনের সময় পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা কিংবা বেআইনি পার্কিং ফি আদায়ের মতো ঘটনা যাতে না ঘটে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। প্রশাসনের লক্ষ্য, পুলিশ-পুরনিগম-পুজো কমিটির সমন্বয়ে এবারের পুজো ও বিসর্জন পর্ব নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







