দুর্গাপুজো সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে বিবাদ, আর সেই বিবাদ থেকেই গুলি চালানোর অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় আসানসোল দক্ষিণ থানার ধেমোমেন এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি শুরু হয় তদন্ত। ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজো সংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে সেই বিবাদ তীব্র আকার নেয়। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মধ্যেই গুলি চালানোর ঘটনা ঘটে। এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ সাতজনকে আটক করে। বৃহস্পতিবার তাঁদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। তবে গুলি চালানোর ঘটনায় ঠিক কারা জড়িত, কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত এবং সত্যিই কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল কি না, তা এখনও তদন্ত করে দেখছে পুলিশ।
ঘটনার পর ধেমোমেন এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও নজর রাখছে প্রশাসন। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা এবং অস্ত্র ব্যবহারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







