best news portal development company in india

পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা, রিলায়েন্সের শীর্ষ কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক

SHARE:

পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শীর্ষ কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবারের এই বৈঠকে শিল্প সম্প্রসারণ, বিনিয়োগ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বৈঠকে রিলায়েন্সের প্রায় ২০ জনের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

বৈঠকে পরিকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্য পরিষেবা এবং মেডিক্যাল কলেজ-সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা PPP মডেলেও কয়েকটি প্রকল্প তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছে। পূর্ব মেদিনীপুরের দীঘায় রিলায়েন্স জিও-র আন্ডারসি কেবল ল্যান্ডিং স্টেশন নিয়েও আলোচনা হয়েছে।

এর আগে ২১ সেপ্টেম্বর মুম্বইয়ে মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর শুভেন্দু জানিয়েছিলেন, রিলায়েন্স গোষ্ঠী বাংলায় চার থেকে পাঁচটি ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। পরবর্তী পর্যায়ে রিলায়েন্সের বড় প্রতিনিধি দল রাজ্যে এসে সম্ভাব্য প্রকল্পগুলি নিয়ে আলোচনা করবে বলেও তিনি জানিয়েছিলেন।

এদিনের বৈঠকের পরও নির্দিষ্ট বিনিয়োগের অঙ্ক বা প্রকল্পগুলির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি। তবে রিলায়েন্স কর্তাদের সঙ্গে রাজ্য সরকারের এই বৈঠককে সম্ভাব্য নতুন শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, বাংলায় শিল্প ও কর্মসংস্থান তৈরির সম্ভাবনা নিয়ে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *