best news portal development company in india

বই ছাড়াই উচ্চমাধ্যমিকের প্রস্তুতি, সাঁওতালি মাধ্যমের পড়ুয়াদের দুর্ভোগ

SHARE:

গত বছরের পর এবারও পর্যাপ্ত পাঠ্যবই ছাড়াই উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে সাঁওতালি মাধ্যমের পড়ুয়াদের। ঝাড়গ্রামের বেলপাহাড়ি এসসি হাই স্কুলে সাঁওতালি ও ইংরেজি ছাড়া অন্যান্য বিষয়ের পাঠ্যবই এখনও পৌঁছয়নি বলে অভিযোগ। এর মধ্যেই চলছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। ফলে পড়ুয়াদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি, সরকারি ভাবে এখনও পর্যন্ত সাঁওতালি ও ইংরেজি ভাষার বইই পাওয়া গিয়েছে। অন্যান্য বিষয়ের বই অনুবাদের কাজ চলছে বলে জানানো হয়েছে, কিন্তু সেই বই স্কুলে পৌঁছয়নি। শিক্ষকদের একাংশের বক্তব্য, গত বছর সিলেবাস পরিবর্তন হওয়ায় পুরনো বইয়ের সঙ্গে বর্তমান পাঠ্যক্রমের মিল নেই। ফলে অন্য ভাষার বই থেকে বিষয়বস্তু অনুবাদ করে পড়াতে হচ্ছে।

পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষক-শিক্ষিকাদের তৈরি করে দেওয়া নোটের উপরেই নির্ভর করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। শিক্ষকরা বিভিন্ন উৎস থেকে বিষয়বস্তু সংগ্রহ করে অনুবাদ করে ক্লাসে পড়াচ্ছেন। কিন্তু পূর্ণাঙ্গ পাঠ্যবই না থাকায় সিলেবাস শেষ করা এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়া—দুই ক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের।

অভিযোগ, গত বছরও একই সমস্যার মুখে পড়তে হয়েছিল সাঁওতালি মাধ্যমের পড়ুয়াদের। এবারও পরিস্থিতির বদল না হওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে। ছাত্র সংগঠনগুলির দাবি, আদিবাসী অধ্যুষিত এলাকার পড়ুয়াদের শিক্ষা ব্যবস্থায় এই ঘাটতি দ্রুত দূর করতে হবে। পর্যাপ্ত পাঠ্যবই সরবরাহ করে পরীক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *