আবাস যোজনায় অনিয়মের অভিযোগ নিয়ে কড়া বার্তা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের। কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠক শেষে তাঁর দাবি, আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার অযোগ্য উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ, তাঁদের অনেকেই ইতিমধ্যে প্রকল্পের টাকা পেয়েছেন।
দিলীপ ঘোষের বক্তব্য, অযোগ্য উপভোক্তাদের ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। সরকারি অর্থ ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, “বেআইনিভাবে আবাস যোজনায় টাকা নিয়ে নিয়েছে অনেক লোক। তাঁদের নোটিস দেওয়া হয়েছে। টাকা ফেরত দাও, নয়তো জেলে যাও।”
বৈঠকে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের কাজ, জি-রাম-জি প্রকল্প এবং স্বনির্ভর গোষ্ঠীর কাজ নিয়েও আলোচনা হয়। জি-রাম-জি প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
পাশাপাশি, যেসব গ্রাম পঞ্চায়েতে প্রশাসনিক সমস্যা রয়েছে, সেগুলি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। পঞ্চায়েতের কাজে স্বচ্ছতা আনতে অডিট ও প্রয়োজনীয় পদক্ষেপের কথাও উঠে এসেছে বৈঠকে।
আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের চিহ্নিতকরণ ও টাকা ফেরতের বিষয়ে মন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। তবে চিহ্নিত উপভোক্তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







