প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা। ১৭ সেপ্টেম্বর, মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক্স-এ পোস্ট করে মোদীকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন তিনি। কামনা করেন সুস্বাস্থ্য, প্রাণশক্তি ও সাফল্য।
শুধু ব্যক্তিগত শুভেচ্ছাই নয়, ভারত ও ইতালির সম্পর্ক আরও মজবুত হওয়ার কথাও তুলে ধরেছেন মেলোনি। তাঁর বার্তা, দুই দেশ সহযোগিতা ও সমৃদ্ধির ভবিষ্যৎ গড়তে একসঙ্গে এগিয়ে চলেছে।
মোদী ও মেলোনির বন্ধুত্ব অবশ্য নতুন নয়। দুই রাষ্ট্রনেতার একাধিক সাক্ষাৎ ও আলাপচারিতা ঘিরে সমাজমাধ্যমে জনপ্রিয় হয়েছে ‘মেলোডি’ শব্দটি। ২০২৩ সালে দ্বিপাক্ষিক বৈঠকের পর থেকেই এই নাম নিয়ে নেটদুনিয়ায় চর্চা শুরু হয়। ২০২৪ সালে মোদীও একটি ভিডিও পোস্টে ‘মেলোডি’ শব্দটি ব্যবহার করেছিলেন।
এদিকে, মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ভারত-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বে মোদীর ভূমিকার প্রশংসা করেন তিনি। পুতিনের বার্তাও প্রকাশ্যে এসেছে রুশ দূতাবাসের সমাজমাধ্যমে।
সব মিলিয়ে, জন্মদিনের শুভেচ্ছাকে ঘিরে ফের আলোচনায় ভারত-ইতালি ও ভারত-রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক—আর তারই সঙ্গে নেটদুনিয়ার পরিচিত ‘মেলোডি’ চর্চা।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







