চট্টগ্রামে সেনাবাহিনীর মহড়ার মাঝেই ভয়াবহ দুর্ঘটনা! ফায়ারিং রেঞ্জে গোলাবর্ষণের সময় চিন থেকে আনা একটি Type 59 ট্যাঙ্কে বিস্ফোরণ। প্রাণ গেল দুই বাংলাদেশি সেনা সদস্যের। গুরুতর আহত আরও এক সেনা আধিকারিক। এই ঘটনার পরেই ট্যাঙ্কটির নিরাপত্তা এবং প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
বুধবার চট্টগ্রামের হাটহাজারি ফিল্ড ফায়ারিং রেঞ্জে চলছিল বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং মহড়া। বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর, অর্থাৎ ISPR জানিয়েছে, ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণের সময়ই ঘটে এই দুর্ঘটনা। সেই সময় ট্যাঙ্কের ভিতরে ছিলেন দুই সেনা সদস্য। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক সেনা আধিকারিক। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানা যাচ্ছে। দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে Combined Military Hospital বা CMH-এ তাঁর চিকিৎসা হওয়ার কথা।
সবচেয়ে বড় প্রশ্ন উঠছে বিস্ফোরণের কারণ নিয়ে। জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত Type 59 ট্যাঙ্কটি চিন থেকে আমদানি করা এবং বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই এই ধরনের ট্যাঙ্ক ব্যবহার করে আসছে। মহড়ার সময় বিস্ফোরণের মুহূর্তের একটি ভিডিয়োও সামনে এসেছে।
তবে ঠিক কী কারণে ট্যাঙ্কটিতে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রযুক্তিগত ত্রুটি, গোলাবারুদের সমস্যা, নাকি অন্য কোনও কারণ—কোনও সম্ভাবনাই এখনও নিশ্চিত নয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কথা জানানো হয়েছে।
অর্থাৎ, আপাতত ‘মেড ইন চায়না’ ট্যাঙ্ককে দায়ী করে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর সুযোগ নেই। তদন্ত শেষ হলেই স্পষ্ট হবে, মহড়ার সময় এই ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে আসলে কী কারণ ছিল।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







