best news portal development company in india

নন্দীগ্রাম উপনির্বাচনে কি তৃণমূল প্রার্থীই দিচ্ছে না?

SHARE:

নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে কি বড়সড় চমক? এবার কি নন্দীগ্রামে প্রার্থীই দেবে না তৃণমূল? সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ঘিরে অন্তত সেই প্রশ্নই জোরালো হচ্ছে। বাংলায় সামনে দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার মধ্যে সবচেয়ে বেশি নজর নন্দীগ্রামের দিকে। আর সেই নন্দীগ্রামেই প্রশাসনের ডাকা সর্বদলীয় বৈঠকে তৃণমূলের অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।

উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে ভোট প্রস্তুতি। ভোটপ্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ রাখতে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। সূত্রের খবর, বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিনিধি হাজির ছিলেন না।

আর এই অনুপস্থিতিই এখন জেলার রাজনৈতিক মহলে বড় প্রশ্ন হয়ে উঠেছে। তাহলে কি নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি তৃণমূল? নাকি প্রার্থী দেওয়া নিয়েই তৈরি হয়েছে কোনও জটিলতা? নাকি শুধুই প্রশাসনিক বৈঠকে প্রতিনিধির অনুপস্থিতি—এর বেশি কিছু নয়?

অন্যদিকে, তৃণমূলকে ঘিরে এই জল্পনার মধ্যেই নন্দীগ্রামে ঘর গোছাতে শুরু করেছে বিজেপি। রেয়াপাড়ার বিধায়ক কার্যালয়ে উপনির্বাচনকে কেন্দ্র করে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠক হয়।

বৈঠকে ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মলয় সিনহা, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল-সহ নন্দীগ্রামের স্থানীয় নেতৃত্ব।

অর্থাৎ, উপনির্বাচনের প্রস্তুতিতে বিজেপি যখন সংগঠনকে মাঠে নামানোর কাজ শুরু করে দিয়েছে, তখন প্রশাসনিক বৈঠকে তৃণমূলের প্রতিনিধির অনুপস্থিতি আরও বেশি করে রাজনৈতিক প্রশ্ন তৈরি করেছে।

গত ১৫ বছর বাংলার শাসকদল তৃণমূল। সেই দলেরই অন্যতম আলোচিত রাজনৈতিক ক্ষেত্র নন্দীগ্রাম। ফলে এই কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল শেষ পর্যন্ত কাকে প্রার্থী করে, আদৌ প্রার্থী দেয় কি না—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আর যদি প্রার্থী দেওয়া হয়, তাহলে দলের অন্দরের কোনও ভিন্ন সমীকরণ সামনে আসে কি না, সেটিও দেখার। নন্দীগ্রামে তৃণমূলের অনুপস্থিতি কি শুধুই কাকতালীয়, নাকি বড় কোনও রাজনৈতিক বার্তার ইঙ্গিত? উত্তর মিলবে প্রার্থী তালিকা প্রকাশের পরেই।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *