আবারও দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক! আগামী ১১ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রান্তে ব্যাংক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস বা UFBU-র ডাকে এই ধর্মঘট হতে চলেছে। সংগঠনের দাবি, দেশের প্রায় ৯০ শতাংশ পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট ব্যাংক, বিদেশি ব্যাংক, গ্রামীণ ব্যাংক এবং কো-অপারেটিভ ব্যাংকের কর্মীরা এই কর্মসূচির আওতায় রয়েছেন।
শুধু ১১ সেপ্টেম্বর নয়, এরপরও একাধিক দিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ইউনিয়নের ঘোষণা অনুযায়ী, ২৮, ২৯ এবং ৩০ সেপ্টেম্বর ফের দেশজুড়ে ব্যাংক ধর্মঘট হতে পারে। দাবি পূরণ না হলে আগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একের পর এক ধর্মঘট হলে সাধারণ মানুষের কী হবে? টাকা তোলা, জমা দেওয়া, চেক ক্লিয়ারেন্স, ঋণ সংক্রান্ত কাজ-সহ একাধিক ব্যাংকিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও ডিজিটাল ব্যাংকিং পরিষেবা চালু থাকবে, তবুও শাখাভিত্তিক পরিষেবায় প্রভাব পড়তে পারে।
ব্যাংক কর্মীদের অন্যতম প্রধান দাবি—সপ্তাহে পাঁচ দিন ব্যাংক খোলা রাখা এবং দুই দিন ছুটি দেওয়া। ইউনিয়নের দাবি, ২০২৪ সালেই পাঁচ দিনের কর্মদিবসের প্রস্তাবে ব্যাংকগুলির তরফে সম্মতি দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী প্রতি শনিবার ও রবিবার ছুটি এবং সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজের সময় কিছুটা বাড়ানোর প্রস্তাব রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার প্রতিদিন প্রায় ৪০ মিনিট করে কাজের সময় বাড়ানোর কথা বলা হয়েছে। ব্যাংক কর্মীদের সংগঠনের দাবি, এই প্রস্তাবে কর্মীরা সম্মত হলেও এখনও অর্থ মন্ত্রকের চূড়ান্ত অনুমোদন মেলেনি।
দীর্ঘদিন ধরে এই দাবি ঝুলে থাকার অভিযোগ তুলে এবার আন্দোলনের পথে ব্যাংক কর্মী সংগঠনগুলি।
এর পাশাপাশি কেন্দ্রের নতুন Performance Linked Incentive বা কর্মদক্ষতা-ভিত্তিক ইনসেনটিভ স্কিম নিয়েও আপত্তি জানিয়েছে UFBU। ইউনিয়নের অভিযোগ, এই ব্যবস্থা একতরফা এবং বৈষম্যমূলক। তাই স্কিম প্রত্যাহার করে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দাবি তুলেছে তারা।
সব মিলিয়ে ১১ সেপ্টেম্বরের ধর্মঘট ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাধারণ মানুষের পরিষেবা যাতে দীর্ঘক্ষণ ব্যাহত না হয়, তার জন্য সরকার কী পদক্ষেপ নেয়—এখন সেদিকেই নজর। আর দাবি পূরণ না হলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







