আবারও আইনি চাপে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে তৈরি ‘সেবাশ্রয়’ নিয়ে এবার উঠল জমি দখলের অভিযোগ। অভিযোগ, ফলতায় খেলার মাঠ এবং উদ্যানের জায়গা দখল করে তৈরি করা হয়েছিল সেবাশ্রয়ের অস্থায়ী ক্যাম্প। সেই নির্মাণ সরিয়ে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। ফলতার বাসিন্দা আইনজীবী আমিনুদ্দিন খান ওই নির্মাণ ভেঙে ফেলার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
মামলাকারীর অভিযোগ, ফলতা বিডিও অফিসের পাশে থাকা খেলার মাঠ ও উদ্যানের জায়গায় সেবাশ্রয়ের জন্য দুটি অস্থায়ী নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সেবাশ্রয়ের কাজ বন্ধ থাকলেও ওই নির্মাণগুলি এখনও রয়ে গিয়েছে বলে দাবি তাঁর।
মামলাকারীর আরও বক্তব্য, ওই মাঠে নিয়মিত স্কুলের খেলাধুলা, ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন সরকারি এবং সামাজিক অনুষ্ঠান হতো। সেবাশ্রয়ের নির্মাণের কারণে সেই সমস্ত কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও আদালতে দাবি করা হয়।
মামলাকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে সেবাশ্রয়ের ক্যাম্প এবং মেডিক্যাল কলেজের নামে তৈরি অস্থায়ী নির্মাণ সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি স্পষ্ট বার্তা দেন—“অস্থায়ী নির্মাণ সরিয়ে দিন। পুলিশকে ডেকে পাঠাব? নাকি রাজ্য পুলিশকে সরিয়ে দিতে বলবে?”
উল্লেখ্য, গত বছর নিজের লোকসভা এলাকার মানুষের জন্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ‘সেবাশ্রয়’ কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে ফলতাতেও এর জন্য কয়েকটি অস্থায়ী নির্মাণ তৈরি করা হয়েছিল বলে জানা যায়।
তবে সেই নির্মাণ ঘিরে এবার উঠল জমি দখলের অভিযোগ। মামলাকারীর অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে আপাতত সেই অস্থায়ী নির্মাণ সরানোর পথ খুলে গেল। ফলে ‘সেবাশ্রয়’কে ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই এবার আদালতের নির্দেশও নতুন মাত্রা যোগ করল।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







