নেপালে ভয়াবহ হড়পা বানের ক্ষত এখনও শুকোয়নি। তার মধ্যেই ফের নতুন বিপদের আশঙ্কা। নেপাল-তিব্বত সীমান্তে আরও একটি হিমবাহ হ্রদ তৈরি হওয়ায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে তা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর সেই হ্রদ ভেঙে গেলে ফের বিপুল জলরাশি নেমে এসে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে।
চিনের জলসম্পদ মন্ত্রকের তরফে নেপালকে ইতিমধ্যেই এই বিষয়ে সতর্ক করা হয়েছে। জানা গিয়েছে, ছোচেন খোলা এবং পুরেপো সাংপো নদীর মিলনস্থলের কাছে নতুন করে একটি হিমবাহ হ্রদ তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেখানে প্রায় ২০ লক্ষ ঘনমিটার জল জমেছে বলে দাবি চিনা কর্তৃপক্ষের। শুধু তাই নয়, হ্রদের জল ইতিমধ্যেই উপচে পড়তে শুরু করেছে। আগামী তিন দিনে আরও প্রায় ৩০ লক্ষ ঘনমিটার জল সেখানে জমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফলে জলের পরিমাণ দ্রুত বাড়তে থাকলে বাঁধের মতো থাকা হিমবাহের অংশ ভেঙে পড়তে পারে। আর তা হলে আচমকা বিপুল পরিমাণ জল নেমে এসে নেপালের নদী অববাহিকায় নতুন করে বিপর্যয় তৈরি করতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে ভোটেকোশী, ত্রিশূলী এবং নারায়ণী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে নেপাল সরকার। স্থানীয় মানুষকে নদীর কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এরই মধ্যে নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের কারণ নিয়ে ভারত-চিনের মধ্যে তৈরি হয়েছে চাপানউতোর। নেপালের একাংশের অভিযোগ, তিব্বত থেকে বিপুল জল নেমে আসার কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল। যদিও বেজিং সেই অভিযোগ সরাসরি খারিজ করেছে। চিনের দাবি, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। এই পরিস্থিতিতে নতুন হিমবাহ হ্রদ নিয়ে চিনের সতর্কবার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।
তবে নতুন করে বিপদের আশঙ্কা শুধু নেপালের মানুষের জন্য নয়, উদ্বেগে রয়েছেন নেপালে থাকা ভারতীয়রাও। বিদেশমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বিপর্যয়ের পর এখনও পর্যন্ত ২৮৮ জন ভারতীয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে নেপালে যাওয়া ব্যক্তিদের তথ্য মিলিয়ে এই সংখ্যা পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে।
একদিকে ভয়াবহ হড়পা বানের ক্ষয়ক্ষতি, অন্যদিকে নতুন হিমবাহ হ্রদ ভেঙে পড়ার আশঙ্কা—সব মিলিয়ে নেপালে ফের ঘনাচ্ছে বিপদের কালো মেঘ। আগামী কয়েক ঘণ্টা পরিস্থিতির উপর নজর রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নেপাল প্রশাসনের।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







