কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র পার্কস্ট্রিট—যেখানে পুজোর মরসুমে এতদিন মূল আকর্ষণ ছিল রেস্তোরাঁ, হোটেল আর রাতভর আড্ডা। এবার সেই পার্কস্ট্রিটেই বসতে চলেছে দুর্গাপুজোর আসর। কলকাতা সনাতনী সংঘের উদ্যোগে প্রথমবার অ্যালেন পার্কে ধুমধাম করে আয়োজন হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। হাতে আর মাত্র ৫০ দিন। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে মণ্ডপ তৈরির প্রস্তুতি। শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় তৈরি হবে মণ্ডপ, আর প্রতিমায় ফুটে উঠবে সনাতনী ঐতিহ্যের ছোঁয়া।
মহালয়া থেকেই শুরু হবে নানা অনুষ্ঠান। পুজোপ্রেমীদের জন্য থাকছে একাধিক চমক। বিনামূল্যেই উপভোগ করা যাবে বলিউডের নামী তারকাদের পারফরম্যান্স। অষ্টমীর দিন বারাণসী থেকে আসা পুরোহিতদের মন্ত্রোচ্চারণে হবে অঞ্জলি। অষ্টমীর রাত থেকে নবমী পর্যন্ত চলবে জাগরণ বা জাগরাতা। দশমীতে মায়ের আশীর্বাদ নিয়ে সিঁদুর খেলায় মাতবেন মহিলারা।
ইতিমধ্যেই ছোট্ট টিজার প্রকাশ করে শহরবাসীর নজর কেড়েছে কলকাতা সনাতনী সংঘ। সংগঠনের সভাপতি শঙ্কুদেব পণ্ডার কথায়, “এ তো সবে টিজার, পিকচার অভি বাকি হ্যায়।” মহালয়া থেকেই উৎসবের আবহ তৈরি হবে বলে জানিয়েছেন তিনি। তবে পুজোর উদ্বোধন হবে দেবীপক্ষেই, সম্পূর্ণ হিন্দু রীতি মেনে। সেখানেও থাকছে বিশেষ চমক।
পুজোর কয়েকদিনে রাতভর আলো, উৎসব আর দর্শনার্থীদের ভিড়ে নতুন রূপ নেবে পার্কস্ট্রিট। শুধু কলকাতা নয়, বিভিন্ন দেশ থেকেও প্রতিনিধিরা এই পুজোয় অংশ নেবেন বলে জানা গিয়েছে। সনাতনী রীতিনীতি মেনে পুজোর আয়োজনের পাশাপাশি উৎসবের আনন্দও উপভোগ করবেন তাঁরা। ফলে এবার কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে নতুন করে জায়গা করে নিতে চলেছে পার্কস্ট্রিটের অ্যালেন পার্ক।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







