best news portal development company in india

মোদীর জন্মদিন ঘিরে রাজ্যজুড়ে বড় কর্মসূচি, ‘সেবা সংকল্প অভিযান’-এ ময়দানে বিজেপি

SHARE:

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আর সেই দিনকে সামনে রেখে সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি নিতে চলেছে বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর এই প্রথম মোদীর জন্মদিনকে কেন্দ্র করে সরকার ও দলীয় সংগঠনকে একসঙ্গে ময়দানে নামানোর পরিকল্পনা গেরুয়া শিবিরের।

জানা গিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরজুড়ে চলবে ‘সেবা সংকল্প অভিযান’। কর্মসূচির দায়িত্বে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। যুব ও মহিলা ভোটারদের বিশেষভাবে কাছে পৌঁছনোর লক্ষ্য রয়েছে দলের।

পদযাত্রা, বাইক র‌্যালি, স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে বিশেষ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। তীর্থযাত্রীদের সহায়তা, বৃক্ষরোপণ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগও থাকবে এই অভিযানে। ‘সেবা মে মেরা যোগদান’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সরাসরি যুক্ত করার পরিকল্পনা করেছে বিজেপি।

ইতিমধ্যেই মণ্ডল থেকে জেলা স্তর পর্যন্ত কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ‘সেবা সেতু’ অভিযানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে এখনও বঞ্চিত যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের নাম নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

তবে শুধু জন্মদিন উদ্‌যাপন নয়, ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রশাসনের শীর্ষে নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তিকেও প্রচারের অন্যতম বিষয় করা হচ্ছে। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা, ‘মোদি মডেল’ এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা মানুষের কাছে তুলে ধরতে এই কর্মসূচিকে ব্যবহার করতে চাইছে বিজেপি।

সব মিলিয়ে মোদীর জন্মদিনকে ঘিরে মাসব্যাপী জনসংযোগ কর্মসূচির মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী করার পাশাপাশি যুব ও মহিলা ভোটব্যাঙ্কে নতুন করে প্রভাব বাড়ানোর লক্ষ্য নিয়েছে বঙ্গ বিজেপি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *