দুর্গাপুজোর রীতি-নীতি এবং আড়ম্বর নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই এবার বামেদের নিশানা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কমিউনিস্ট আমলে দুর্গাপুজোর নাম বদলে ‘শারদোৎসব’ করার প্রবণতা তৈরি হয়েছিল।
মঙ্গলবার এ বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, পুজোয় আড়ম্বর নিয়ে তাঁর আপত্তি নেই। তবে সেই আড়ম্বরের কারণে পুজোর মূল রীতি-নীতি যেন হারিয়ে না যায়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, “কমিউনিস্টরাই দুর্গাপুজো বলত না, দুর্গা নাম বাদ দিয়ে শারদোৎসব বলত।”
থিম পুজোর প্রসঙ্গেও সরব হন তিনি। তাঁর বক্তব্য, থিম ও জাঁকজমকের নামে অনেক সময় পুজোর মূল উদ্দেশ্যই আড়ালে চলে যায়। বিয়ের অনুষ্ঠানে যেমন যতই আড়ম্বর থাকুক, বিয়ের ধর্মীয় মন্ত্র ও নিয়ম পালন করতে হয়—দুর্গাপুজোর ক্ষেত্রেও তেমনই শাস্ত্রীয় বিধি মেনে চলা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
দিলীপ ঘোষ আরও বলেন, দুর্গাপুজোর নিয়মকানুন সম্পর্কে প্রশিক্ষণ ও ক্লাসের ব্যবস্থা রয়েছে। তাই পুজো করতে হলে যথাযথ নিয়ম মেনে করা উচিত, নাহলে সেটি শুধুই আনন্দ-উৎসবে পরিণত হয়।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেপ্টেম্বর মাসে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করে এবারের দুর্গাপুজোর রূপরেখা ঠিক করার কথা জানিয়েছেন। অষ্টমীর অঞ্জলি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসতে পারেন—এমন জল্পনাও রয়েছে। ফলে এবারের দুর্গাপুজোয় আচার-অনুষ্ঠান ও সনাতন রীতির উপর বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা দিচ্ছে বঙ্গ বিজেপি।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







