কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৯ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি নাগরিক বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন তাঁরা। মর্মান্তিক এই ঘটনায় মৃত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, পরিবারের সদস্যরা চাইলে মৃতদের মরদেহ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার সম্পূর্ণ খরচ সরকার বহন করবে। ইতিমধ্যেই কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের পক্ষ থেকে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনায় আহত ৬ বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
বুধবার কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার মহম্মদ খালেদ জানান, এখনও পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন কুষ্টিয়ার এবং একজন ঢাকার সাভারের বাসিন্দা। মৃতদের তালিকায় রয়েছেন ‘আজকের আলো’ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা সিমমিন, তিন বছরের সন্তান স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলি।
দেবাশীষ দত্ত সাংবাদিকতার পাশাপাশি ‘চ্যানেল নাইন’-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবেও কাজ করতেন। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও সহকর্মীদের মধ্যে। কলকাতার মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর এখন মৃত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রুত এবং মর্যাদার সঙ্গে দেশে ফিরিয়ে দেওয়াই বাংলাদেশের সরকারের প্রধান লক্ষ্য।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







