ইরানকে ঘিরে ফের কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর দাবি, ইরানকে কোনও ধরনের আর্থিক বা লজিস্টিক সহায়তা করলে সংশ্লিষ্ট দেশকে ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হতে পারে। ট্রাম্প জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে এখনও পর্যন্ত সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে ট্রাম্প বলেন, ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার জন্য বড়সড় অভিযান শুরু করবে আমেরিকা। একইসঙ্গে মিত্র দেশগুলিকেও ইরানকে আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
ট্রাম্পের হুঁশিয়ারি, কোনও দেশের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর বা সরকারি সংস্থা যদি ইরানকে অর্থনৈতিক সহায়তা বা অন্য কোনও ‘লাইফলাইন’ দেয়, তাহলে সেই দেশকেও কঠোর অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হবে। ইরানের সঙ্গে তেল বাণিজ্য, আর্থিক লেনদেন, নগদ অর্থের আদানপ্রদান, জাহাজের রেজিস্ট্রি এবং ভুয়ো বা ফ্রন্ট কোম্পানির মাধ্যমে বাণিজ্য নিয়েও সতর্ক করেছেন তিনি।
তবে ঠিক কোন দেশকে কী ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে, তা এখনও স্পষ্ট করেননি ট্রাম্প। ফলে তাঁর এই হুঁশিয়ারির পর আন্তর্জাতিক বাণিজ্য ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







