best news portal development company in india

তৃণমূলের ‘কাটমানি’ কালচার নিয়ে ফের অভিযোগ, এবার বালুরঘাটে দৃষ্টিহীন বাবা-ছেলের ঘর তৈরিতে বাধার অভিযোগ

SHARE:

সরকার বদলেছে, কিন্তু ‘কাটমানি’র অভিযোগ কি এখনও থামেনি? এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। আবাস যোজনায় ঘর বরাদ্দ হলেও টাকা দিতে না পারায় ঘর তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, ঘর তৈরির জন্য দৃষ্টিহীন বাবা ও ছেলের কাছে দাবি করা হয়েছে ৫০ হাজার টাকা। টাকা না দেওয়ায় গত ছয় মাস ধরে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ।

ঘটনাটি হরিরামপুর থানার বোড়া গ্রামের। স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন ও তাঁর ছেলে সোহেব আক্তার—দু’জনেই দৃষ্টিহীন। জরাজীর্ণ বাড়িতে স্ত্রীকে নিয়ে কোনওরকমে দিন কাটাচ্ছেন মোবারক। বর্ষায় দুর্ভোগ আরও বেড়েছে। পরিবারের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে বিধানসভা নির্বাচনের আগে সরকারি আবাস যোজনায় তাঁদের একটি পাকা বাড়ি বরাদ্দ করা হয়। ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকাও পেয়েছে পরিবারটি।

কিন্তু অভিযোগ, নির্মাণকাজ শুরু করতে গেলেই শ্রমিকদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকী শ্রমিকদের মারধর করারও অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, তাঁদেরই এক নিকট আত্মীয় তথা স্থানীয় তৃণমূল নেতার তরফে ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে। সেই টাকা দিতে না পারার কারণেই নাকি বাড়ি তৈরিতে বাধা দেওয়া হচ্ছে।

এই ঘটনায় হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল পরিবার। কিন্তু পুলিশের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। শেষপর্যন্ত বুধবার আত্মীয়দের সাহায্যে বালুরঘাটে জেলা পুলিশ সুপারের দফতরে গিয়ে লিখিত অভিযোগ জানান দৃষ্টিহীন বাবা ও ছেলে। অভিযোগ পাওয়ার পর পুরো ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

অন্যদিকে, অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় কংগ্রেস নেতা শুভাশিস পাল। এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে, সত্যিই টাকা চেয়ে নির্মাণকাজে বাধা দেওয়া হয়েছিল কি না এবং এই অভিযোগের সঙ্গে অভিযুক্ত তৃণমূল নেতার কোনও যোগ রয়েছে কি না।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *