রাতের অন্ধকারে পাঞ্জাবি মোড় এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ইম্প্রোভাইজড পাইপগান উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, তাঁদের ব্যবহৃত WB38K-0123 নম্বরের একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন বীরভূমের কাকরতলা থানার অন্তর্গত কাকরতলা নামোপাড়ার বাসিন্দা মোঃ আলমগীর ওরফে লাদেন (২৩), কোইথি এলাকার শেখ আজরুদ্দিন (৩০), দুবরাজপুর থানার ইসলামপুর ডাঙাপাড়ার শেখ হোসেন (১৯) এবং ইসলামপুর বালতলা মোড় এলাকার মোঃ তাজ খান (১৯)।
অভিযোগ, গত রাতে ডাকাতির উদ্দেশ্যে ওই চারজন পাঞ্জাবি মোড় এলাকায় এসেছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তৎপর হয় এবং অভিযান চালিয়ে চারজনকেই গ্রেফতার করে।
তল্লাশির সময় তাঁদের কাছ থেকে একটি দেশি পদ্ধতিতে তৈরি পাইপগান উদ্ধার হয়। ঘটনায় ব্যবহৃত গাড়িটিও পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তারা ঠিক কী উদ্দেশ্যে পাঞ্জাবি মোড়ে এসেছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অস্ত্র উদ্ধার এবং চারজনের গ্রেফতারের পর এলাকায় বড় ধরনের অপরাধের পরিকল্পনা পুলিশের তৎপরতায় বানচাল হয়েছে বলেই মনে করা হচ্ছে। ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







