এই ধরনের রীতি বাংলায় আগে দেখা যায়নি। ২০০৬ সালে স্বাধীনতা দিবসে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দূরদর্শনের মাধ্যমে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়েছিলেন। এবার সেই রীতিতেই স্বাধীনতা দিবসের আগের রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের পরই সম্প্রচারিত হবে মুখ্যমন্ত্রীর বার্তা। দূরদর্শন বাংলা এবং আকাশবাণী কলকাতা থেকে রাজ্যবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি। ইতিমধ্যেই ভাষণ সম্প্রচারের প্রস্তুতি অনেকটাই এগিয়েছে। পালাবদলের পর এবারই প্রথম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতেও যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। ৯ থেকে ১৭ অগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে চলবে এই কর্মসূচি। ১০ অগস্ট নিজে পদযাত্রায় অংশ নিয়ে কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। এদিকে স্বাধীনতা দিবসে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের ঝিলা ফরেস্ট ক্যাম্প অফিস থেকে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, সুন্দরবনের বাঘের ডেরায় দাঁড়িয়েই স্বাধীনতা দিবসের বিশেষ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







