best news portal development company in india

নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে উদ্ধার হওয়া বাজিতে বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

SHARE:

নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার বারাসাতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার ভোরে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিকট শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের বাসিন্দাদের। কিছুক্ষণের মধ্যেই ফাঁড়ি চত্বর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। পরে জানা যায়, উদ্ধার করে রাখা বাজিতে আগুন লেগে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, কয়েক দিন আগে বিভিন্ন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করা হয়েছিল। সেগুলি অস্থায়ীভাবে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা ছিল। মঙ্গলবার ভোরে হঠাৎ সেই বাজিতে আগুন লেগে যায়। এরপর একের পর এক বিস্ফোরণ হতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে বিস্ফোরণের জেরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে পুলিশ ফাঁড়িতে বিপুল পরিমাণ বাজি মজুত রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রী দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া উচিত ছিল।

প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্ট মাসে দত্তপুকুরের একটি অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় নীলগঞ্জ ফাঁড়ির ভূমিকা নিয়ে গাফিলতির অভিযোগ ওঠে এবং তৎকালীন ওসি-কে সাময়িক বরখাস্ত করা হয়। সেই ঘটনার পর ফের একই ফাঁড়িতে বাজি সংক্রান্ত বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত করে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *