নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপের ইঙ্গিত মিলল। রাজ্যজুড়ে প্রায় ৫০০টি রেল ওভারব্রিজ (ROB) নির্মাণের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে রেল ক্রসিংয়ে যানজট কমবে, দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই হ্রাস পাবে।
সোমবার শিলিগুড়ির বহুল প্রতীক্ষিত বর্ধমান রোড ফ্লাইওভারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়িতে দীর্ঘদিন ধরে যানজট একটি বড় সমস্যা ছিল। নতুন ফ্লাইওভার চালু হওয়ায় শহরের যান চলাচল আরও স্বাভাবিক হবে বলেই আশা প্রশাসনের।
জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার পর এয়ার ভিউ মোড়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফ্লাইওভারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি সেতুটি হেঁটে পরিদর্শনও করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, সাংসদ রাজু বিস্তা, জেলা শাসক, পুলিশ কমিশনার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে পরিকাঠামো উন্নয়নের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। তাঁর দাবি, পশ্চিমবঙ্গজুড়ে রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ৫০০টি রেল ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগে এই ধরনের যৌথ প্রকল্পে রাজ্য সরকারকে ব্যয়ের ৫০ শতাংশ বহন করতে হলেও এখন কেন্দ্রীয় রেল মন্ত্রক সম্পূর্ণ অর্থায়নের ভিত্তিতে সেতু নির্মাণে সম্মতি দিয়েছে বলেও তিনি জানান।
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকাশ ভি, বিরাসাত ভি’ দর্শনকে সামনে রেখে উন্নয়ন ও ঐতিহ্য—দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থায় আরও গতি আসবে এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক বেশি নিরাপদ ও সহজ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







