best news portal development company in india

দুপুরের পরই বাংলায় প্রবেশ করছে অতি গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা

SHARE:

সোমবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ আজ স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি বর্তমানে বাংলা-ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। সোমবার দুপুরে ক্যানিং ও চাঁদবালির মাঝামাঝি, কাঁথির নিকটবর্তী এলাকা দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে। স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে এর প্রভাব আরও বিস্তৃত হবে। যদিও নিম্নচাপের মূল প্রভাব ওড়িশায় পড়বে, তবুও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। এসব এলাকায় দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় আগামী ২৯ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনও উপকূলবর্তী এলাকাগুলিতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে।

অন্যদিকে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও সোমবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা দিনের সঙ্গে সঙ্গে বাড়তে পারে। একই সময়ে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার-সহ পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *