অপেক্ষার অবসান। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ডুরান্ড কাপ। এবারের আসরের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। কলকাতা ডার্বিকে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে ফুটবলপ্রেমীদের মধ্যে।
তবে টুর্নামেন্ট শুরুর আগেই দর্শকদের জন্য বড় স্বস্তির খবর দিল রাজ্য সরকার। এবার থেকে ডুরান্ড কাপের ম্যাচ দেখতে গেলে অনলাইনে কাটা টিকিট আর আলাদা করে ফিজিক্যাল টিকিটে রূপান্তর করতে হবে না। অর্থাৎ, পেপারলেস টিকিটিং ব্যবস্থা চালু হচ্ছে এবারের প্রতিযোগিতায়।
এতদিন অনলাইনে টিকিট কাটার পরও দর্শকদের মহমেডান স্পোর্টিং বা মোহনবাগান মাঠে গিয়ে কিউআর কোড দেখিয়ে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হত। অনেক সময় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সেই টিকিট নিতে গিয়ে ভোগান্তির শিকার হতেন সমর্থকরা। এবার সেই ঝক্কি থেকে মুক্তি মিলছে। অনলাইনে কেনা টিকিট দেখিয়েই সরাসরি স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।
বুধবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “ডুরান্ডের আগে দর্শকদের জন্য সুখবর। আর স্ট্যাম্পিং করাতে এদিক-ওদিক ছুটতে হবে না। এবার প্রথমবারের মতো পেপারলেস টিকিট ব্যবস্থা চালু করছি। অনলাইনে কাটা টিকিট নিয়েই স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। এই উদ্যোগ সফল করতে ভারতীয় সেনাবাহিনী এবং যুবকল্যাণ ও ক্রীড়া দফতরকে ধন্যবাদ।”
এদিকে, ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর উপস্থিতিতেই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হতে পারে।
উল্লেখ্য, এবারের ডুরান্ড কাপে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত চলবে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। প্রথম ম্যাচ থেকেই কলকাতা ডার্বি হওয়ায় এবারের ডুরান্ডের সূচনা ঘিরে ফুটবল মহলে উচ্ছ্বাস তুঙ্গে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







