শুক্রবার সাতসকালে শহর কলকাতায় এক অনন্য সাধারণ দৃশ্য ধরা পড়ল। কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই ভোরে হঠাৎ প্রিন্সেপ ঘাটে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার শান্ত পরিবেশ আর ভোরের স্নিগ্ধ আলো উপভোগ করতে তিনি একটি সুসজ্জিত নৌকায় চড়ে গঙ্গা ভ্রমণে বের হন।
নৌকাবিহারের সময় প্রধানমন্ত্রীর হাতে ক্যামেরা দেখা যায়; গঙ্গার দু-ধারের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন তিনি। গঙ্গার ঘাটে তখন হাতেগোনা কয়েকজন প্রাতঃভ্রমণকারী উপস্থিত ছিলেন। দেশের প্রধানমন্ত্রীকে সামনে দেখে স্বাভাবিকভাবেই তাঁদের মধ্যে তীব্র উৎসাহ দেখা দেয়। মোদীও নিরাশ করেননি, হাস্যমুখে হাত নেড়ে তাঁদের নমস্কার জানান এবং জনসংযোগ সারেন।
পরে এই বিশেষ মুহূর্তের ছবিগুলি তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি জানান, গঙ্গার এই নির্মল পরিবেশে ভ্রমণ করে তিনি অত্যন্ত উল্লসিত। ভোট যুদ্ধের ব্যস্ততার মাঝে প্রধানমন্ত্রীর এই শান্ত ও ঘরোয়া মেজাজ নজর কেড়েছে শহরবাসীর। প্রাতঃভ্রমণকারীদের কাছে এই অভিজ্ঞতা ছিল এক দারুণ প্রাপ্তি।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519






