best news portal development company in india

“অপরাধ আড়াল করার দিন শেষ, মামলা রুজু করুন”, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে সাইবার ও নারী সুরক্ষায় গুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

SHARE:

কলকাতা, ৩ জুলাই ২০২৬: পুলিশকে সমস্ত ধরণের রাজনৈতিক দলদাসের ভূমিকা থেকে চিরতরে মুক্তি দিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে দিয়েছেন, কোনও রাজনৈতিক দলের তাবেদারি না করে পুলিশকে আমজনতার স্বার্থে নিরপেক্ষভাবে আইন রক্ষা করতে হবে। এই নতুন প্রশাসনিক দিশা রেখেই শুক্রবার রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা ও সুরক্ষাকে আধুনিক রূপ দিতে একাধিক বড়সড় পদক্ষেপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে মূলত দুটি বিষয়ের ওপর সর্বোচ্চ জোর দিয়েছে নতুন বিজেপি সরকার— এক, মহামারির রূপ নেওয়া সাইবার অপরাধ দমন এবং দুই, রাজ্যের নারী ও কন্যাদের নিরাপত্তা নিশ্চিত করা।

“সাইবার অপরাধ এখন মহামারি”, রুখতে চালু হেল্পডেস্ক ও বিশেষ এডিজি পদ

আজ থেকেই পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল ‘সাইবার হেল্পডেস্ক’ এবং বিশেষ ‘সাইবার হেল্পলাইন’। নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠক থেকে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন:

“সাইবার অপরাধ কার্যত মহামারির আকার ধারণ করেছে। বিভিন্ন সামাজিক প্রকল্পে যে সমস্ত প্রান্তিক মানুষ ফর্ম ফিলাপ করছেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিচ্ছেন, প্রতারকরা সুকৌশলে তা জেনে নিয়ে তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দিচ্ছে। এই প্রান্তিক মানুষদের রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য।”

সাইবার জালিয়াতির শিকার হওয়া মানুষদের টাকা উদ্ধার করতে ‘গোল্ডেন আওয়ার’ (অপরাধ ঘটার ঠিক পরের প্রথম কয়েক ঘণ্টা)-এর মধ্যেই যাতে পুলিশি অ্যাকশন শুরু করা যায়, তার ওপর জোরালো সওয়াল করেন তিনি। সাইবার অপরাধ দমনে আগামী দিনে রাজ্য সরকার যে আরও একগুচ্ছ বড় পদক্ষেপ নিতে চলেছে, তা জানিয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের মতো এবার সাইবার অপরাধ দমনের জন্যও সম্পূর্ণ ‘এক্সক্লুসিভ’ বা স্বতন্ত্রভাবে এডিজি (ADG) এবং আইজি (IG) পদমর্যাদার সিনিয়র আইপিএস আধিকারিকদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই শীর্ষ আধিকারিকরা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে পুরো রাজ্যে নতুন সাইবার হেল্পডেস্ক এবং সাইবার পুলিশ স্টেশনগুলির পরিকাঠামো পরিচালনা করবেন।

৫০০ থানায় মহিলা হেল্পডেস্ক ও ‘দুর্গা স্কোয়াড’, দেওয়া হলো ২১৩টি মোটরবাইক

নারী নিরাপত্তার ক্ষেত্রে রাজ্য সরকারের ‘জিরো টলারেন্স’ বা শূন্য আপস নীতি পুনর্ব্যক্ত করে মুখ্যমন্ত্রী আজ রাজ্যের ৫০০টি থানায় ‘মহিলা হেল্পডেস্ক’ এবং বিশেষ ‘দুর্গা স্কোয়াড’-এর সূচনা করেন। মহিলা পুলিশ কর্মীদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর সুবিধার্থে এদিন তাঁদের হাতে ২১৩টি নতুন আধুনিক মোটরসাইকেলের চাবি তুলে দেন তিনি। মুখ্যমন্ত্রী অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে বলেন, “দিল্লির নির্ভয়া কাণ্ড থেকে শুরু করে কলকাতার তিলোত্তমা কাণ্ড পর্যন্ত দেশ ও রাজ্যে আমরা যে সমস্ত অত্যন্ত তিক্ত ও বেদনাদায়ক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তা মাথায় রেখেই আমরা আমাদের রাজ্যের নারী ও কন্যাদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করব।”

“এনসিআরবি-কে একটি তথ্যও কম পাঠানো চলবে না”, পুলিশকে কড়া ধমক

অপরাধের তথ্য ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে বিগত তৃণমূল সরকারের কঠোর সমালোচনা করে পুলিশ বাহিনীকে এক ঐতিহাসিক ও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান:

“থানায় কোনও অভিযোগ এলে তা লুকানোর বা টেবিলের তলায় চেপে রাখার কোনও প্রয়োজন নেই। তৎক্ষণাৎ ডায়েরি নথিভুক্ত করুন এবং এফআইআর (FIR) দায়ের করুন। ভারত সরকারের স্বরাষ্ট্র দফতর তথা এনসিআরবি (NCRB) দেশের বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে, বিশেষ করে মহিলা ও শিশু সংক্রান্ত অপরাধের যে সমস্ত তথ্য রাজ্যের কাছে চায়— বিগত দিনে আগের সরকার সেই তথ্য পাঠাত না বা আড়াল করত। আমাদের এই সরকারে যেন এবার কোনওভাবেই একটি সংখ্যাও কম না পাঠানো হয়! রাজ্যের কোন অংশে কী ধরণের অপরাধের ‘রোগ’ বেশি হচ্ছে, তা যদি সঠিক তথ্যের মাধ্যমে আমরা বুঝতে পারি, তবেই আমরা সঠিক প্রশাসনিক চিকিৎসার ব্যবস্থা করতে পারব। ব্যাধিকে আড়াল করলে ব্যাধি কেবল বাড়বেই।”

একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি অ্যাকশন নেওয়া এবং পুলিশি তৎপরতা বহু গুণ বাড়ানোর পক্ষে জোরালো সওয়াল করেন মুখ্যমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, পুলিশকে রাজনৈতিক দলদাসত্ব থেকে মুক্ত করার এই খোলা বার্তা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী অপরাধের খতিয়ান পেশ করার নির্দেশ— রাজ্যের পুলিশি ব্যবস্থায় এক নতুন স্বচ্ছ ও পেশাদারি যুগের সূচনা করতে চলেছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *