উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে এসে যোগী আদিত্যনাথের একটি মন্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। প্রচার মঞ্চ থেকে উত্তরবঙ্গকে ‘উত্তর বিহার’ বলে সম্বোধন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগীর এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি, বিজেপি যে পরিকল্পিতভাবে বাংলা ভাগের চেষ্টা করছে এবং রাজ্যের একাংশকে বিহারের সঙ্গে যুক্ত করতে চায়, যোগীর কথাতেই তা স্পষ্ট হয়ে গেছে।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে সরব হয়ে তৃণমূল লিখেছে, “বাংলার মাটি সইবে না, ইউপি-বিহার হইবে না।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই অভিযোগ করে আসছিলেন যে, কেন্দ্র বাংলা ও বিহারের কিছু অংশ নিয়ে পৃথক রাজ্য গড়ার ছক কষছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি বাংলাকে এমন এক রাজ্যে পরিণত করতে চাইছে যেখানে আইন-শৃঙ্খলা ভেঙে পড়বে এবং সাধারণ মানুষ অসুরক্ষিত থাকবে। উত্তরবঙ্গকে ‘উত্তর বিহার’ বলা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত বলেই মনে করছে ঘাসফুল শিবির।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







