শনিবার সন্ধ্যায় আবার কেঁপে উঠলো দিল্লি। দিল্লি-এনসিআর-সহ বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল দেশের রাজধানী-সহ বিস্তীর্ণ এলাকা। কম্পনের তীব্রতায় আতঙ্কিত হয়ে পড়েন দিল্লিবাসী। অনেকেই বহুতল, বাড়ি, অফিস থেকে বেরিয়ে আসেন। সব মিলিয়ে শনিবার সন্ধ্যায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হল দেশের রাজধানীতে। ন্যাশনাল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে, কম্পনের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। ভূপৃষ্ঠের ১৯১ কিলোমিটার নিচে কম্পনের উৎপত্তি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.2।
দিল্লিবাসীর দাবি, বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। বহুতল বিল্ডিংয়ের বাসিন্দারা প্রথমে মেঝে ও আসবাবপত্র কাঁপছে টের পান। এরপরই অনেকেই তড়িঘড়ি সিঁড়ি দিয়ে নেমে খোলা জায়গায় আশ্রয় নেন। বিভিন্ন অফিস চত্বরেও কর্মীদের বাইরে বের করে আনা হয়।দিল্লির পাশাপাশি এনসিআরের একাধিক এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। ভূমিকম্পের জেরে কোথাও কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে কম্পনের তীব্রতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের পর পরিস্থিতির উপর নজর রাখছে সংশ্লিষ্ট প্রশাসন। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তরফে কম্পনের মাত্রা, উৎসস্থল এবং অন্যান্য তথ্য প্রকাশের অপেক্ষা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







