‘যেমন বলা তেমন কাজ’— অন্নপূর্ণা ভাণ্ডারের পর রাজ্যে নাগরিক পরিষেবা ও শহর পরিচ্ছন্নতার ভোল বদলে দিতে আরও এক বড় পদক্ষেপ নিল নতুন বিজেপি সরকার। উন্নত ও নির্মল বাংলা গড়ার লক্ষ্যে আজ, শনিবার থেকেই রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গেল পুর ও নগরোন্নয়ন দপ্তরের বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন ‘স্বচ্ছ অ্যাপ’। প্রাথমিক পর্যায়ে রাজ্যের ১০টি বাছাই করা পুরসভা এলাকায় পরীক্ষামূলকভাবে এই অ্যাপের মাধ্যমে পরিষেবা দেওয়া শুরু হচ্ছে। আজ নবান্নে এক সাংবাদিক বৈঠক করে এই মেগা ডিজিটাল উদ্যোগের কথা ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল।
মন্ত্রী স্পষ্ট করে দেন যে, রাজ্যকে জঞ্জালমুক্ত ও আধুনিক করতে এবার সরাসরি প্রযুক্তিকেই সাধারণ মানুষের সবচেয়ে বড় সঙ্গী করতে চলেছে সরকার। রাস্তাঘাট, নিকাশি নালা কিংবা যত্রতত্র জমে থাকা আবর্জনার মতো যে কোনও নাগরিক সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান এবার সাধারণ মানুষের হাতের মুঠোয় চলে এল।
‘স্বচ্ছ অ্যাপ’-এর মূল বৈশিষ্ট্য ও কাজের পদ্ধতি:
-
সরাসরি ছবি তুলে অভিযোগ: পুর এলাকার কোনও রাস্তায় বা মোড়ে আবর্জনা জমে থাকলে, সাধারণ নাগরিকরা সরাসরি এই অ্যাপের মাধ্যমে সেই জঞ্জালের ছবি তুলে লাইভ লোকেশনসহ আপলোড করতে পারবেন।
-
দ্রুত নিষ্পত্তি: অ্যাপে ছবিসহ অভিযোগ জমা পড়ামাত্রই তা সংশ্লিষ্ট পুরসভার কন্ট্রোল রুমে পৌঁছে যাবে এবং যুদ্ধকালীন তৎপরতায় সেই ময়লা পরিষ্কার করতে তৎপর থাকবে প্রশাসন।
-
নিয়মকানুনের পাঠ: পুর এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে নাগরিকদের ঠিক কী কী করণীয় এবং পুরসভার কী কী নিয়ম রয়েছে, তার সমস্ত খুঁটিনাটি এই অ্যাপের মাধ্যমে জানা যাবে।
আগস্ট থেকে ১০০ মিটারে ‘ডাস্টবিন’ ও কড়া জরিমানার হুঁশিয়ারি:
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল জানান, হুট করে সাধারণ মানুষের ওপর কোনও নিয়ম চাপিয়ে দিতে চায় না সরকার। সেই কারণে প্রথম দফায় আগামী তিন মাস এই অ্যাপের মাধ্যমে পরিষেবা জানা ও বোঝার সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, “আগামী আগস্ট মাস থেকে পরবর্তী তিন মাস ধরে গোটা রাজ্যজুড়ে এই বিষয়ে একটি ব্যাপক সচেতনতামূলক প্রচার চালানো হবে। শহরের প্রতি ১০০ মিটার দূরত্ব অন্তর একটি করে আধুনিক ডাস্টবিন (জাস্টবিন) বসানোর এক মেগা পরিকল্পনা নিয়েছে আমাদের দপ্তর।”
তবে সচেতনতার পাশাপাশি শহর নোংরা করার মানসিকতার বিরুদ্ধেও যে নতুন সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে, তা আজ স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী। অগ্নিমিত্রা পল কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, সচেতনতামূলক প্রচার পর্ব মিটে যাওয়ার পর যেখানে-সেখানে প্লাস্টিক বা নোংরা ফেলা, রাস্তায় থুতু ফেলা কিংবা পানের পিক ফেলে সরকারি সম্পত্তি নষ্ট করলে নাগরিকদের মোটা টাকা জরিমানা করা হবে। উন্নত ও আধুনিক পরিকাঠামো গঠনের এই ডিজিটাল পদক্ষেপ গ্রামীণ ও নগর বাংলায় এক নতুন নাগরিক সংস্কৃতির জন্ম দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







