২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ও নাকা তল্লাশি শুরু হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টে একটি বড়সড় সাফল্য পেল পুলিশ ও নির্বাচন কমিশনের যৌথ দল। বিহারের দিক থেকে আসা একটি ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে নগদ ১৮ লক্ষ ৯৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গাড়িতে থাকা তিনজনকে আটক করেছে পুলিশ।
তদন্তে জানা গেছে, ধৃতরা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছে যে, এই বিপুল অর্থ ট্রান্সপোর্টের পেমেন্টের জন্য শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই টাকার সপক্ষে কোনো বৈধ নথিপত্র তারা দেখাতে পারেনি। বর্তমানে নির্বাচনী বিধি বা ‘মডেল কোড অফ কন্ডাক্ট’ কার্যকর থাকায়, উপযুক্ত প্রমাণ ছাড়া ৫০ হাজার টাকার বেশি নগদ বহন করা নিষিদ্ধ।
পুলিশ ও নির্বাচন কমিশনের আধিকারিকরা খতিয়ে দেখছেন যে, এই টাকা কোনো বাণিজ্যিক কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল নাকি নির্বাচনের প্রাক্কালে ভোটারদের প্রভাবিত করার কোনো বড় ষড়যন্ত্রের অংশ এটি। আটক ব্যক্তিদের বর্তমানে ফাঁসিদেওয়া থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্বাচনের মুখে এই বিপুল পরিমাণ নগদ উদ্ধার হওয়ায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







