কলকাতা: আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কলকাতায় বিজেপির নির্বাচনী ইস্তাহার ‘সংকল্পপত্র’ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনকে ‘কালরাত্রি’ হিসেবে অভিহিত করে তিনি একগুচ্ছ বড় প্রতিশ্রুতি দিয়েছেন। শাহ স্পষ্ট জানান, ক্ষমতায় এলে অনুপ্রবেশের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হবে। ‘ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট’—এই তিন প্রক্রিয়ায় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে রাজ্য থেকে বিতাড়িত করা হবে।
রাজ্যের সরকারি কর্মীদের মন জয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে এবং বকেয়া ডিএ সুনিশ্চিত করা হবে। পাশাপাশি, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার যুবক-যুবতীদের মাসে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণাও করেছেন তিনি। অমিত শাহ বলেন, “পয়লা বৈশাখ থেকে শুরু হওয়া এই সংকল্পযাত্রা বাংলাকে ভয় ও দুর্নীতিমুক্ত করবে।” আগামী ৫ বছরে বিজেপি সরকার ‘সোনার বাংলা’ গড়ে তোলার লক্ষ্যে পুনর্নির্মাণের কাজ শুরু করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই ইস্তাহারকে কেন্দ্র করে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







