সালানপুর, ৮ নভেম্বরঃ আসানসোলের সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েতের মালবহাল নিচুপাড়া এলাকায় এক গৃহস্থের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। সেই আগুনে ঐ বাড়ির লক্ষাধিক টাকার আসবাবপত্র সহ সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। শনিবার রাত আটটা নাগাদ অনিতা বাউরি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচমকা লাগা এই আগুনে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে অনিতা বাউরির মাথায় আকাশ ভেঙে পড়েছে । তিনি বলেন, আমি নিজে লোকের বাড়িতে কাজ করে সংসার চালাই। বাড়িতে যা কিছু ছিল এই আগুনে আমার সব শেষ হয়ে গেল। এই আগুনে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার সূত্রে জানা গেছে, এদিন রাত আটটা নাগাদ সালানপুরের আছড়া গ্রাম পঞ্চায়েতের মালবহাল গ্রামের নিচুপাড়ার বাসিন্দা অনিতা বাউরির বাড়িতে আগুন লাগে। তবে সেই সময় পরিবারের সদস্যদের কেউ অনিতা বাউরির বাড়িতে ছিলেন না। প্রতিবেশী সুকুমার বন্দোপাধ্যায় সহ এলাকার বাসিন্দারা ঐ বাড়ি থেকে প্রথম ধোঁয়া ও পরে আগুনের লেলিহান শিখা দেখতে পান। স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর সালানপুর থানায় জানানোর পাশাপাশি চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা ও আসানসোল দমকল বাহিনীকে খবর দেন এলাকার বাসিন্দারা। এরপরে স্থানীয় মানুষেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পুলিশের সামনে দরজা ভাঙা হয়। কিন্তু দমকল বাহিনী আসার আগেই এলাকার বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঐ বাড়ির সবকিছু।
এই আগুন লাগার পরে আবারও সালানপুর ব্লকে দমকল কেন্দ্র বা ফায়ার স্টেশন তৈরির দাবি জোরালো হলো। সুকুমার বন্দোপাধ্যায় বলেন, আগে যখন রুপনারায়নপুরে হিন্দুস্তান কেবলস ছিলো, তখন দমকল কেন্দ্র ছিলো। তখন তেমন কোন সমস্যা ছিলোনা। কিন্তু হিন্দুস্তান কেবলস বন্ধ হয়ে যাওয়ার পরে, সমস্যা তৈরি হয়েছে। এখন সালানপুরে কোথাও আগুন লাগলো সেই আসানসোল ও চিত্তরঞ্জন থেকে দমকলের ইঞ্জিন আসার আগে সব শেষ হয়ে যাবে। যেমন এদিন হলো। তিনি বলেন, আমরা চাই সালানপুরে দমকল কেন্দ্র করা হোক। আমরা দমকল কেন্দ্র নিয়ে ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







