বার্নপুর, ৬ নভেম্বরঃ
বহুতল আবাসনে আগুন। বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের পুরানাহাট এলাকায়। আগুনে ঐ আবাসনের ভেতরে থাকা একটা গ্যাস সিলিন্ডার বাস্ট করে বা ফাটে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবাসনের মালিক রাম আগরওয়াল ও তার পরিবারের কোন সদস্য আগুন লাগার সময় আবাসনে ছিলেন না। তাই কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ঐ আবাসনে থাকা সব আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায়। আসানসোল থেকে রাজ্য দমকলবাহিনীর একটি ও বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার একটি ইঞ্জিন খবর পেয়ে এলাকায় আসে। বেশ কিছুক্ষনের চেষ্টায় দমকলকর্মীরা আবাসনের আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, বার্নপুরের পুরানাহাটের ঐ আবাসনের মালিক রাম আগরওয়াল ও পরিবারের সদস্যরা বুধবার সন্ধ্যায় আবাসনের দরজায় তালা লাগিয়ে বাইরে কোথাও যান। এর কিছুক্ষন পরে এলাকায় বাসিন্দারা ঐ বহুতলের টপ ফ্লোরের ঐ আবাসন থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখেন। পরে দেখা যায় আগুন। এরপর বিকট শব্দ একটা হয় ঐ আবাসন থেকে। তাতে আগুনের লেলিহান শিখা আরো বেড়ে যায়। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় হিরাপুর থানায়। পুলিশ আসে। ইঞ্জিন নিয়ে পৌঁছান দমকলকর্মীরাও। এলাকার বাসিন্দারা বলেন, বুধবার ছিলো দেব দীপাবলি। সম্ভবত আবাসনের বাসিন্দারা ভেতরে প্রদীপ জ্বালিয়ে বাইরে চলে গেছিলেন। তারপর কোনভাবে ঐ আবাসনে আগুন লাগে। পরে ফাটে আবাসনে থাকা গ্যাস সিলিন্ডার। প্রদীপ বা অথবা ঠিক কি কারণে এই আবাসনে আগুন লেগেছে তা জানাতে পারেনি আসানসোল দমকল বাহিনীর ওসি দেবায়ন পোদ্দার। তিনি বলেন, কোন হতাহতের ঘটনা ঘটেনি। আসবাবপত্র পুড়ে গেছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







