বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে। বিশেষ করে রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ইন্ডিয়া’ জোটের আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। বিরোধীরা তৈরি করেছে ‘নকল সংসদ’। সেখানে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানো হয়েছে। পাশাপাশি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী শিবির।
নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মক পার্লামেন্ট
মুখ্য নির্বাচন কমিশনারের ‘গণ ইমপিচমেন্ট’ নিয়ে মক পার্লামেন্টেরও আয়োজন করেছে বিরোধীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এবার বিরোধীদের নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তিনি বলেন, বিরোধীরা কার্যত একটি ‘নকল সংসদ’ তৈরি করে নাটক করেছেন।
পাশাপাশি, এই বিষয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকতেও কেন্দ্র প্রস্তুত বলে জানান তিনি। কংগ্রেসকে নিশানা করে অমিত শাহ বলেন, “কংগ্রেস বরাবরই অসাংবিধানিক সরকার এবং সমান্তরাল সংসদকে সমর্থন করেছে। একটি ভুয়ো সংসদ তৈরি করে বিতর্কের নামে প্রহসন করেছে তারা। এর ফলে প্রকৃত সংসদকেই হাস্যকর করে তুলেছে।”
এরপর রাহুল গান্ধীকে উদ্দেশ করে তিনি বলেন, নরেন্দ্র মোদীর সরকার যে কোনও বিষয়ে আলোচনায় প্রস্তুত।
বিশেষ অধিবেশন ডাকতেও প্রস্তুত কেন্দ্র
অমিত শাহ আরও বলেন, “এই বিষয়ে আলোচনার জন্য আমরা সংসদের বিশেষ অধিবেশন ডাকতেও প্রস্তুত। আপনারা সংসদ অচল করে রেখেছেন। এক অর্থে সংসদকে পণবন্দি করে রেখেছেন। এবার সংসদকে কাজ করতে দিন। যথাযথ বিতর্ক হতে দিন। তারপর দেশের মানুষ নিজেরাই বুঝতে পারবেন, কে সত্যি কথা বলছেন আর কে বলছেন না।”
প্রধানমন্ত্রীকে বিতর্কের চ্যালেঞ্জ রাহুলের
রাহুল বলেন, “২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী। আমি আপনাকে চ্যালেঞ্জ জানিয়েছিলাম। আপনি বলেন, বিরোধীরা দেশবিরোধী। তাহলে যে কোনও মঞ্চে, যে কোনও জায়গায় আমার সঙ্গে বিতর্কে বসুন।” ফলে সংসদে আলোচনা নিয়ে কেন্দ্র ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ল।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







