ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে এবার সমাজমাধ্যমে মুখ খুললেন স্বরূপ বিশ্বাস। ফেসবুক পোস্টে নিজের আত্মসম্মান, পিতৃত্বের অধিকার এবং সন্তানদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার লড়াইয়ের কথা তুলে ধরেছেন তিনি। স্বরূপের স্পষ্ট বক্তব্য, নীরবতাকে যেন কেউ দুর্বলতা বলে মনে না করেন। নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আইনের পথেই লড়াই চালিয়ে যাবেন।
স্বরূপ বিশ্বাস লিখেছেন, এতদিন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের সামনে কখনও মুখ খোলেননি। এমনকী, সমাজমাধ্যমেও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রকাশ্যে কিছু লেখেননি। তাঁর মতে, ব্যক্তিগত সম্পর্কের প্রতিটি বিষয় জনসমক্ষে তুলে ধরা উচিত নয়। কিন্তু তাঁর চরিত্র নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা হলে এবং সন্তানদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ও সাক্ষাতের অধিকার প্রতিষ্ঠায় বাধার মুখে পড়তে হলে নিজের বক্তব্য জানানো প্রয়োজন হয়ে পড়ে।
পোস্টে একটি সাম্প্রতিক ঘটনার কথাও উল্লেখ করেছেন তিনি। স্বরূপের দাবি, গত রবিবার আদালতের নির্দেশ অনুযায়ী, কোর্ট কমিশনারের উপস্থিতিতে একটি শপিং মলে ছোট মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেও মেয়ের সঙ্গে দেখা করতে পারেননি। কেন আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সাক্ষাৎ সম্পন্ন হয়নি, তার ব্যাখ্যা চেয়েছেন তিনি।
এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন স্বরূপ। তাঁর বক্তব্য, সন্তানের সঙ্গে দেখা করার বিষয়টি কোনও ব্যক্তিগত জেদ নয়। বরং সন্তানদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, তাদের মানসিক সুস্থতা এবং আদালতের নির্দেশ যথাযথভাবে কার্যকর হওয়ার প্রশ্ন।
স্বরূপের এই পোস্ট ঘিরে বিনোদন মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এটি তাঁর ব্যক্তিগত বক্তব্য। সাক্ষাৎ না হওয়ার কারণ বা সংশ্লিষ্ট পক্ষের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। ফলে গোটা বিষয়টির পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই এখন নজর।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







