ভারতীয় টেলিভিশন জগতে নক্ষত্রপতন! প্রয়াত জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’ ও ‘আহাট’-এর স্রষ্টা ব্রিজেন্দ্র পাল সিং, যিনি ইন্ডাস্ট্রিতে বিপি সিং নামেই পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মঙ্গলবার, ২৭ অক্টোবর সকালে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে বিনোদন জগতে। পরিচালক অশোক পণ্ডিত সমাজমাধ্যমে তাঁর প্রয়াণের খবর জানান। জানা গিয়েছে, ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে তাঁর।
বিপি সিংয়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ‘সিআইডি’-র জনপ্রিয় অভিনেতা দয়ানন্দ শেঠি, যিনি দর্শকদের কাছে দয়া নামেই পরিচিত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিপি সিংয়ের জীবনের বড় অংশ জুড়েই ছিল কাজ। তিনি ছিলেন কাজের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান এবং মনোযোগী। দয়ার কথায়, একজন অসাধারণ ক্যামেরাম্যান হওয়ার পাশাপাশি তিনি ছিলেন তাঁদের অন্যতম সেরা পথপ্রদর্শক।
দয়ানন্দ শেঠি আরও জানান, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন বিপি সিং। বার্ধক্যজনিত সমস্যাতেও ভুগছিলেন তিনি। মঙ্গলবার সকালে আর ঘুম থেকে ওঠেননি এই বর্ষীয়ান ব্যক্তিত্ব।
১৯৯৮ সালে শুরু হয়েছিল ‘সিআইডি’-র যাত্রা। দীর্ঘদিন ধরে সম্প্রচারিত এই ধারাবাহিক ভারতীয় টেলিভিশনে গোয়েন্দা কাহিনির জনপ্রিয়তাকে নতুন মাত্রা দিয়েছিল। অন্যদিকে, ভৌতিক ধারাবাহিক ‘আহাট’-এর মাধ্যমেও দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন বিপি সিং। তিনি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রাক্তন ছাত্র ছিলেন।
তাঁর শেষকৃত্য ২৮ অক্টোবর সম্পন্ন হওয়ার কথা থাকলেও, কোথায় এবং কখন তা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। বিপি সিংয়ের প্রয়াণে ভারতীয় টেলিভিশন জগৎ হারাল এক দক্ষ নির্মাতা ও সৃজনশীল ব্যক্তিত্বকে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







