best news portal development company in india

চলচ্চিত্র উৎসবে এবার নতুন চমক! রজনীকান্ত, প্রভাসকে ঘিরে জল্পনা

SHARE:

আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার এই উৎসবকে ঘিরে বিশেষ পরিকল্পনা করছে নতুন সরকার। আর এবারের উৎসবের সম্ভাব্য চমক হিসেবে উঠে এসেছে দক্ষিণী চলচ্চিত্রের দুই সুপারস্টার রজনীকান্ত ও প্রভাসের নাম। তাঁদের উপস্থিতির সম্ভাবনার কথা জানিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে তাঁদের উপস্থিতি এখনও নিশ্চিত নয়।

মঙ্গলবার নন্দনে চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি নিয়ে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, পরিচালক সন্দীপ রায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও শর্বরী মুখোপাধ্যায়-সহ দপ্তরের আধিকারিকেরা।

বৈঠক শেষে মিঠুন চক্রবর্তী জানান, চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে কলকাতা শহরকে কীভাবে সাজিয়ে তোলা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি এবারের উদ্বোধনী অনুষ্ঠান ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজন করার পরিকল্পনাও রয়েছে। সেখানে রেড কার্পেটের পাশাপাশি বিখ্যাত অভিনেতাদের কাটআউট রাখার ভাবনাও রয়েছে বলে জানান তিনি। রজনীকান্ত ও প্রভাসের পাশাপাশি কোনও হলিউড তারকার উপস্থিতির সম্ভাবনার কথাও উল্লেখ করেন মিঠুন।

সাধারণত নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ধনধান্য অডিটোরিয়ামে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে উদ্বোধনী অনুষ্ঠান হলে তা হবে নতুন উদ্যোগ। উৎসবকে আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন দেশের আন্তর্জাতিক ছবিও জমা পড়েছে, যেগুলি বাছাইয়ের কাজ করছেন সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।

এবারের উৎসবে আরও একটি বিশেষ আকর্ষণ হতে চলেছে উত্তম পুরস্কার। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে এই বিশেষ সম্মানের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সব মিলিয়ে, ডিসেম্বরের শীতের কলকাতায় দেশ-বিদেশের সিনেমার পাশাপাশি তারকাদের উপস্থিতি ঘিরেও বাড়ছে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *