দীর্ঘ ১২ ঘণ্টার উৎকণ্ঠার অবসান! পাণ্ডবেশ্বরের কুমারডিহি কোলিয়ারিতে ডুলিতে আটকে পড়া ১২ জন খনি শ্রমিককে অবশেষে উদ্ধার করা হল। সোমবার বিকেল থেকে শুরু হওয়া টানটান উত্তেজনার পর মঙ্গলবার ভোরে তাঁদের নিরাপদে উপরে নিয়ে আসা হয়। উদ্ধারের পর প্রত্যেককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁদের শারীরিক ও মানসিক পরিস্থিতি পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রাথমিক খবর অনুযায়ী, আপাতত প্রত্যেকেই সুস্থ রয়েছেন।
জানা গিয়েছে, সোমবার বিকেলে পাণ্ডবেশ্বরের কুমারডিহি কোলিয়ারিতে শ্রমিকদের ওঠানামার কাজে ব্যবহৃত ডুলি যান্ত্রিক ত্রুটির কারণে রোলারে আটকে যায়। ফলে প্রায় ২০০ ফুট মাটির গভীরে আটকে পড়েন ১২ জন শ্রমিক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খনি কর্তৃপক্ষের তরফে শুরু হয় উদ্ধারকাজ। আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হওয়ায় কিছুটা স্বস্তি ফেরে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিও।
ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীও। তিনি জানান, প্রাথমিকভাবে লিফটের যান্ত্রিক ত্রুটির কথা জানা গিয়েছে। আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ এবং ভেন্টিলেশন ব্যবস্থা ঠিক রয়েছে বলেও জানানো হয়েছিল। দ্রুত ত্রুটি মেরামত করে তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।
উদ্ধারকাজ চলাকালীন জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছিলেন, শ্রমিকদের কাছে খাবার পৌঁছে দেওয়া হয়েছে এবং তাঁদের নিরাপদে উপরে নিয়ে আসাই তখন প্রধান লক্ষ্য। দুর্ঘটনার কারণ ও কারও গাফিলতি রয়েছে কি না, তা পরে খতিয়ে দেখার কথা বলেন তিনি।
তবে এই ঘটনার পর খনির নিরাপত্তা ব্যবস্থা এবং যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শ্রমিকদের একাংশের দাবি, কোলিয়ারিতে ডুলি নিয়ে সমস্যা নতুন নয়। বারবার এমন ঘটনা ঘটলে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। তাই উদ্ধারকাজ শেষ হওয়ার পর খনির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা এবং সম্ভাব্য গাফিলতির তদন্তের দাবি উঠছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







