আর জি কর মামলার তদন্তে নতুন মোড় এল কলকাতা হাইকোর্টের নির্দেশে। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, বৃহত্তর ষড়যন্ত্রের হদিস পেতে সিবিআই প্রয়োজনে এই মামলায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় এবং অন্যান্য সন্দেহভাজনদের আবারও জেরা করতে পারবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও, নির্যাতিতার পরিবার শুরু থেকেই দাবি করে আসছে যে এটি কোনো একজনের কাজ নয় বরং একটি গণধর্ষণের ঘটনা। এই প্রেক্ষাপটে আদালত সিবিআই-কে আধুনিক ফরেনসিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
শুনানি চলাকালীন বিচারপতি মান্থা আইআইটি খড়্গপুরের ছাত্র ফায়জান আহমেদের রহস্যমৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন, যেখানে পরে ফরেনসিক রিপোর্টে খুনের প্রমাণ মিলেছিল। আদালত পর্যবেক্ষণে জানায়, যেহেতু নির্যাতিতার পরিবার নতুন করে ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়েছে এবং কিছু অতিরিক্ত হলফনামা জমা দিয়েছে, তাই সিবিআই-এর তদন্তে কোনওরকম দ্বিধা থাকা উচিত নয়। রাজ্য সরকারের বিরোধিতার মুখেও আদালত স্পষ্ট করে দিয়েছে যে, সত্য উদ্ঘাটনের স্বার্থে সিবিআই যে কোনও ব্যক্তিকে আবারও জিজ্ঞাসাবাদ করতে পারে। আগামী ১২ মে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে, যেখানে সিবিআই-কে তাদের অগ্রগতির রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







