আসানসোল-রানিগঞ্জ: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করল নিমচা ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় ৪৮ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি রানিগঞ্জ থানার অন্তর্গত জে কে নগরের রেলপাড় এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে যোগেন্দ্র ভগত নামে এক ব্যক্তিকে। তিনি শ্রীরাম ভগতের ছেলে বলে জানা গিয়েছে।
তবে ওই বাড়িতে এত পরিমাণ গাঁজা কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পিছনে কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, উদ্ধার হওয়া গাঁজার উৎস কোথায় এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিমচা ফাঁড়ির পুলিশের এই অভিযানের পর জে কে নগরের রেলপাড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য জানার চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







