best news portal development company in india

কয়লা খনির বিস্ফোরণে আতঙ্ক! ছাদ ভেঙে মহিলার মাথায় পাথর, বনজেমারি ওসিপিতে উৎপাদন বন্ধ করে বিক্ষোভ

SHARE:

আসানসোল: কয়লা খনিতে বিস্ফোরণের জেরে এবার সরাসরি বিপদের মুখে জনবসতি। বিস্ফোরণে ছিটকে আসা পাথর ভেঙে দিল বাড়ির অ্যাসবেস্টসের ছাদ। সেই পাথরের আঘাতেই গুরুতর আহত হলেন এক মহিলা। মঙ্গলবার ইসিএলের সালানপুর এরিয়ার বনজেমারি ওপেন কাস্ট প্রজেক্ট বা ওসিপিতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় নিউ কলোনি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুরে ওসিপিতে ভারী ব্লাস্টিং চলাকালীন একটি বড় পাথর ছিটকে এসে নিউ কলোনির বাসিন্দা ত্যাগী পাসওয়ানের বাড়ির ছাদ ভেঙে ঘরের ভিতরে পড়ে। সেই সময় ঘরে থাকা তাঁর স্ত্রী সঙ্গীতা দেবীর মাথায় পাথরটি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভারী ব্লাস্টিংয়ের কারণে আশপাশের বাড়িতে ফাটল দেখা দিচ্ছে। বারবার অভিযোগ জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। মঙ্গলবারের ঘটনায় ক্ষোভ আরও বাড়ে।

দুপুর তিনটে নাগাদ গ্রামবাসীরা ওসিপির কয়লা উৎপাদন ও পরিবহণ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, আহত মহিলার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব, উপযুক্ত ক্ষতিপূরণ, উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা এবং জনবসতি সংলগ্ন এলাকায় ভারী ব্লাস্টিং স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ছ’টায় ওসিপির এজেন্টের আশ্বাসে বিক্ষোভ ওঠে। আপাতত সাধারণ ব্লাস্টিং বন্ধ রাখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে গ্রামবাসীদের স্পষ্ট দাবি, সাময়িক আশ্বাস নয়, সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। প্রয়োজনে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে গোটা গ্রামকে নিরাপদ স্থানে পুনর্বাসন দিতে হবে।

কয়লা উৎপাদনের পাশাপাশি সাধারণ মানুষের জীবন ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *