শ্রমিকের কর্মক্ষেত্রে দুর্ঘটনা এবং নিরাপত্তার দাবিতে সালানপুরে ক্যাপ্টেন স্টিল কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাল ভারতীয় মজদুর সংঘ বা BMS। শ্রমিকের উপযুক্ত ক্ষতিপূরণ, পরিবারের একজনের কর্মসংস্থান এবং কারখানার ভিতরে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
BMS-এর অভিযোগ, বিশ্বকর্মা পুজোর পর কারখানায় কাজ করার সময় এক শ্রমিকের হাত কেটে যায়। এর ফলে তিনি কর্মক্ষমতা হারান। সংগঠনের দাবি, ওই শ্রমিকের ESI ও PF-এর কোনও সুবিধা ছিল না। দুর্ঘটনার পর ম্যানেজমেন্ট তাঁকে দিয়ে ঘটনাটি কারখানার ভিতরে ঘটেনি বলে বলানোর চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হলেও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে দাবি BMS-এর।
এদিন BMS-এর সালানপুর কনভেনার প্রশান্ত বিশ্বাস বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, ESI, PF এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি দীর্ঘদিন ধরেই জানানো হচ্ছে। ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী ৩৮৬ টাকা মজুরি চালুর দাবিতেও আন্দোলন হয়েছে। কিন্তু কিছু কারখানা কর্তৃপক্ষ এখনও উদাসীন বলে তাঁর অভিযোগ।
প্রশান্ত বিশ্বাস আরও জানান, ক্ষতিগ্রস্ত শ্রমিকের পূর্ণ ক্ষতিপূরণ, তাঁর পরিবারের একজনের কাজ এবং কারখানার ভিতরে সকল শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে BMS।
সংগঠনের বক্তব্য, তারা শিল্পের বিরোধী নয়; শ্রমিক, উদ্যোগ এবং দেশের স্বার্থে কাজ করতে চায়। এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







