রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার কলকাতার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র নন্দনের স্মারক ফলক ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। নন্দন চত্বরে বিভিন্ন ভবন, প্রদর্শনী ক্ষেত্র এবং সংস্কারমূলক কাজের উদ্বোধনী ফলকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের অংশ সাদা ও ধূসর রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে নন্দন প্রতিষ্ঠার মূল স্মারক ফলকটি অক্ষত রয়েছে। সেখানে এখনও রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাম।
কলকাতার চলচ্চিত্র ও সংস্কৃতিচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র নন্দন। ১৯৮০ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৮৫ সালে চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে নন্দনের উদ্বোধন হয়। পরবর্তী সময়ে নন্দনের বিভিন্ন উন্নয়ন, সংস্কার এবং নতুন প্রদর্শনী কক্ষের উদ্বোধন উপলক্ষে একাধিক স্মারক ফলক স্থাপন করা হয়েছিল। সেগুলির কয়েকটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। এবার সেই নামের অংশগুলি রং করে ঢেকে দেওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের নতুন সরকারকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র উপাসনা চৌধুরীর অভিযোগ, “একটা স্বৈরাচারী সরকার চলছে। মুখ্যমন্ত্রী আসলে ব্যস্ত হয়ে পড়েছেন গত ১৫ বছরে রাজ্যে কী কী হয়েছে!” তবে নাম ঢেকে দেওয়ার সিদ্ধান্তের পিছনে সরকারের নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, নন্দন চত্বরে এই পরিবর্তনের পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগোও বদলানো হচ্ছে। এদিন নন্দনে সাংবাদিক বৈঠকে নতুন লোগোর উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী। ফলে নন্দনের স্মারক ফলক ও চলচ্চিত্র উৎসবের লোগো—দুই পরিবর্তন ঘিরেই সাংস্কৃতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







