ইন্দ্রনীল সেনকে ঘিরে বিতর্কের আবহে এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন ভট্টাচার্য। ইন্দ্রনীলের সংস্থায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন সুচেতন। তাঁর বক্তব্য, ইন্দ্রনীলের ঔদ্ধত্য ছিল চরমে। বর্তমান পরিস্থিতিকে তাঁর নিজের কৃতকর্মের ফল বলেও মন্তব্য করেছেন তিনি।
সুচেতন ভট্টাচার্য ২০০৫ সালে কলেজের পড়াশোনা শেষ করে ইন্দ্রনীল সেনের সঙ্গীত সংস্থায় কাজ শুরু করেন। ২০১৩ সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন তিনি। সুচেতনের দাবি, ওই সময়ে ইন্দ্রনীলের রাজনৈতিক অবস্থানেও পরিবর্তন লক্ষ্য করেছিলেন তিনি। পরবর্তীতে সংস্থার চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
সুচেতনের অভিযোগ, ২০১৩ সালে তিনি ইস্তফাপত্র পাঠালেও ইন্দ্রনীল তা গ্রহণ করেননি। ইস্তফাপত্রের কপি দেওয়ার কথা বলে তাঁকে ঘণ্টার পর ঘণ্টা অফিসে অপেক্ষা করানো হয়েছিল বলেও দাবি তাঁর। এই ঘটনাকে অপমানজনক বলে উল্লেখ করেছেন সুচেতন।
এছাড়াও, ইন্দ্রনীলের সংস্থায় কর্মরত রেকর্ডিস্ট ও অন্যান্য সঙ্গীতশিল্পীদের পারিশ্রমিক সময়মতো দেওয়া হতো না বলে অভিযোগ করেছেন তিনি। সুচেতনের দাবি, একসময় নিজের টাকা থেকে কয়েকজন শিল্পীর পারিশ্রমিক মিটিয়ে দিতে হয়েছিল তাঁকে।
এই অভিজ্ঞতার জেরে ইন্দ্রনীলের সঙ্গে তাঁর সম্পর্ক তিক্ত হয়ে ওঠে বলেও জানান সুচেতন। এমনকী, বাবার অসুস্থতা কিংবা অন্য কোনও কারণেও ইন্দ্রনীল যেন তাঁদের বাড়ির আশপাশে না আসেন, সে বিষয়ে আপত্তি জানিয়েছিলেন বলে দাবি তাঁর।
ইন্দ্রনীল সেনকে ঘিরে সাম্প্রতিক আর্থিক অনিয়মের অভিযোগ ও গ্রেফতারির প্রসঙ্গে সুচেতন বলেন, তাঁর বর্তমান পরিস্থিতিতে তিনি খুশি। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সত্যতা এবং মামলার চূড়ান্ত পরিণতি তদন্ত ও বিচারপ্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







