best news portal development company in india

একটি স্কুলভ্যানে ধাক্কা মেরে পালাতে গিয়ে আরো একটি বাইকে ধাক্কা! প্রাণ গেল অন্তঃসত্ত্বা মহিলার, হরিহরপাড়ায় শোকের ছায়া।

SHARE:

একটি দুর্ঘটনা, একাধিক ধাক্কা, আর শেষ পর্যন্ত প্রাণ গেল এক অন্তঃসত্ত্বা মহিলার! বেপরোয়া গতির জেরে মর্মান্তিক পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। প্রথমে স্কুলভ্যানে ধাক্কা, তারপর পালানোর সময় মোটরবাইকে ধাক্কা—২০৭ মালবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হল অন্তঃসত্ত্বা মহিলা বেবী নাজমিনের। গুরুতর আহত তাঁর স্বামী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার হরিহরপাড়ার বারুইপাড়া এলাকায় দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুলভ্যানে ধাক্কা মারে ২০৭ মালবাহী গাড়িটি। ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলভ্যানটি রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে যায়। ওই ভ্যানে প্রদীপডাঙা ও নিশ্চিন্তপুর এলাকার ছাত্রছাত্রীরা ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্কুলপড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভিযোগ, স্কুলভ্যানে ধাক্কা মারার পর ঘটনাস্থল থেকে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে মালবাহী গাড়িটি। সেই সময় আবারও নিয়ন্ত্রণ হারিয়ে বারুইপাড়ার মাঠপাড়া এলাকায় একটি মোটরবাইকে ধাক্কা মারে গাড়িটি।

ওই মোটরবাইকে ছিলেন অন্তঃসত্ত্বা বেবী নাজমিন ও তাঁর স্বামী। চিকিৎসকের কাছে দেখানোর জন্য তাঁরা বহরমপুরের দিকে যাচ্ছিলেন। কিন্তু পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বেবী নাজমিনকে মৃত বলে ঘোষণা করে। গুরুতর আহত হন তাঁর স্বামী।

মৃত ও আহত দু’জনেরই বাড়ি হরিহরপাড়া থানার রায়পুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায়। যদিও স্কুল ভ্যানে থাকা ছাত্র-ছাত্রী এবং চালকের কোন ক্ষতি হয়নি বলে জানা যায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। পরপর দুটি দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এই ঘটনায় 207 বোলেরো গাড়ির চালককে আটক করে পুলিশ। ঘাতক গাড়ি দুটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

বেপরোয়া গতি আর অসতর্কতার মাশুল কি দিতে হল একটি পরিবারকে? একদিকে স্কুলভ্যানে থাকা পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অন্যদিকে অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগেই মায়ের মর্মান্তিক মৃত্যু—এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *